কৃমি নির্মূলে কার্যকর নিম পাতা: জানুন এর ঔষধি গুণাগুণ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিম একটি বহুল পরিচিত ঔষধি গাছ, যার ডাল, পাতা ও রস—সবকিছুই বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে নিম পাতার রস ভাইরাস, ব্যাকটেরিয়া এবং কৃমিনাশক হিসেবে অত্যন্ত উপকারী বলে বিবেচিত। পাশাপাশি এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।

নিমের বিভিন্ন উপকারিতা সম্পর্কে নিচে আলোচনা করা হলো—

কৃমিনাশক:
পেটে কৃমির সমস্যা হলে শিশুদের শরীর দুর্বল হয়ে পড়ে, পেট বড় দেখায় এবং মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। এ ধরনের সমস্যায় নিম পাতার রস অত্যন্ত কার্যকর। নিয়মিত ব্যবহার পেটের কৃমি নির্মূলে সহায়তা করে।

ত্বকের যত্নে নিম:
রূপচর্চায় প্রাচীনকাল থেকেই নিমের ব্যবহার হয়ে আসছে। এটি ত্বকের দাগ দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ব্রণ দূর করতে নিমপাতা বেটে ত্বকে লাগানো উপকারী। মাথার ত্বকের চুলকানি কমাতেও নিমপাতার রস কার্যকর। নিমপাতা ও কাঁচা হলুদের পেস্ট নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং স্কিন টোন উন্নত হয়।

চুলের যত্নে নিম:
উজ্জ্বল ও স্বাস্থ্যকর চুলের জন্য নিমপাতা অত্যন্ত উপকারী। খুশকি দূর করতে শ্যাম্পু করার সময় নিমপাতা সিদ্ধ পানি দিয়ে চুল ধুয়ে নিলে ভালো ফল পাওয়া যায়। এছাড়া সপ্তাহে একদিন নিমপাতা বেটে চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেললে চুল পড়া কমে এবং চুল নরম ও মসৃণ হয়।

দাঁতের যত্নে নিম:
প্রাচীনকাল থেকেই নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে। নিয়মিত নিমের ডাল, ছালের গুঁড়া বা নিমপাতা ব্যবহার করে দাঁত পরিষ্কার করলে দাঁত মজবুত হয় এবং নানা ধরনের দাঁতের রোগ প্রতিরোধ করা যায়।