বরিশাল নগরীর অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে শারীরিকভাবে নির্যাতনের মাধ্যমে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ঘটনায় মোস্তাফিজুর রহমান লিটুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ জানায়, গত ২৭ জুন সন্ধ্যায় ব্যবসায়িক বিরোধের জেরে সদর রোড এলাকার অফিসে ঢুকে আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।
ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার দাবি করেন, অভিযুক্তরা তাকে মারধর করে একটি ৭০ লাখ টাকার চেক, একটি সাদা চেক এবং দুটি স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বাধ্য করেন। তিনি আরও বলেন, ঘটনার সময় তাকে ভয়ভীতি দেখানো হয় এবং জীবন বাঁচাতে বাধ্য হয়ে স্বাক্ষর দেন।
অন্যদিকে, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু একসময় তাদের ব্যবসার অংশীদার ছিলেন বলে জানা গেছে। পরে হিসাব নিষ্পত্তি হলেও তিনি অতিরিক্ত অর্থ দাবি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী আদালতে মামলা করেন এবং আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পরই পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে অভিযান চালায় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অব্যাহত রয়েছে।