সৌদি আরবে আবারও হামলার হুমকি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নতুন করে হামলার হুমকি দিয়েছে। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে গোষ্ঠীটি সৌদি আরবকে সরাসরি সামরিক প্রতিক্রিয়ার সতর্কবার্তা দিয়েছে।

শুক্রবার (৩ জুন) হুথি নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র এক ভিডিও বার্তায় দাবি করেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করা একটি ইরানি বেসামরিক যাত্রীবাহী বিমানকে সৌদি আরবের কয়েকটি যুদ্ধবিমান জোরপূর্বক বাধা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনাকে ইয়েমেনের সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করেছে হুথি নেতৃত্ব।

তারা আরও জানিয়েছে, সৌদি আরবের যেকোনো ধরনের উস্কানি বা আগ্রাসনের কঠোর জবাব দিতে তাদের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইউনিট পুরোপুরি প্রস্তুত রয়েছে। বিশেষ করে সৌদির অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বেসামরিক বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি।

ভিডিও বার্তায় হুথি সামরিক মুখপাত্র বলেন, সৌদি আরব যেন তাদের আকাশসীমা লঙ্ঘন বা ইয়েমেনের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না করে। অন্যথায় স্থল ও সমুদ্রে থাকা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে কঠোর জবাব দেওয়া হবে।

২০১৫ সাল থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে লড়াই করছে হুথি গোষ্ঠী। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশটিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক সংকট। বর্তমানে ইয়েমেনের বড় অংশ হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বড় ধরনের সংঘর্ষ কিছুটা কমে এলেও উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।