সাতক্ষীরায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৪তম বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে শহরের রয়েল প্লাস কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা চ্যালেঞ্জের মধ্যেও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাহসী সাংবাদিকতা ও মানসম্মত বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটি দর্শকপ্রিয়তা অর্জন করেছে বলেও তারা উল্লেখ করেন। একই সঙ্গে গণমাধ্যম হিসেবে এনটিভিকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অতিথিরা।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাহ শাহীন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোহাম্মদ আলী সুজন, বর্তমান সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মানবজমিনের জেলা প্রতিনিধি এস.এম. বিপ্লবের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির জেলা প্রতিনিধি এস.এম. জিন্নাহ এবং এনটিভি অনলাইনের প্রতিনিধি কে.এম. আনিছুর রহমান।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এর আগে কনভেনশন হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।