সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কারিগরি শিক্ষার প্রসারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। সে লক্ষ্যেই পরীক্ষামূলকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং পড়াশোনার পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমান সময়ের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের চাহিদা বিবেচনায় কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি এ খাতকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে সরকার উপবৃত্তির ব্যবস্থাও অব্যাহত রেখেছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।