শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সোহেল তাজের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। এ ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি এখন দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেন।

পোস্টে সোহেল তাজ বলেন, “একজন মানুষের ইগো বা অহঙ্কার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আওয়ামী লীগকে ধ্বংস করে, ছাত্র-জনতার চাপের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়ে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করে, সেই টাকার পাহাড়ে বসে এখন ফেরার কথা বলা—এটি আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি।”

সোহেল তাজের এই বক্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মন্তব্য ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে।

উল্লেখ্য, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০০৯ সালের ৬ জানুয়ারি তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই বছরের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। যদিও তার পদত্যাগপত্র প্রথমে গ্রহণ না করা হলেও একই বছর ৭ জুলাই পুনরায় দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়।