ময়মনসিংহে পৃথক মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

মোহাম্মদ আজহারুল ইসলাম ব্যুরোচীফ :- ময়মনসিংহ প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও ত্রিশাল উপজেলায় পৃথক সময়ে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদক সেবনের দায়ে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিন দুপুর ১টার দিকে ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া বারোতোপা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। এ সময় মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. আকরামুল ইসলাম (৩৪)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

এর আগে শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পিডিবি বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে মাদকদ্রব্য সেবন ও প্রয়োগের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড, অর্থদণ্ড এবং অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া আরও দুইজনকে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে অতিরিক্ত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।