বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

বান্দরবানের থানচি উপজেলায় বন্দুক ও ৫৫ রাউন্ড কার্তুজসহ কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএএফ) এর এক সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার। আটক ব্যক্তির নাম জৌ-থান বম (৫৫)। তিনি থানচি সদর পদ্ধ মৌজা শেরপা পাড়া এলাকার লাল ফিয়ান বমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন সেনাবাহিনীর একটি দল কেএনএএফ ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় অভিযান চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর থেকেই এলাকায় অভিযান অব্যাহত রাখে নিরাপত্তা বাহিনী।

পরবর্তীতে শেরকর পাড়া এলাকা থেকে বন্দুক ও ৫৫ রাউন্ড গুলিসহ জৌ-থান বমকে আটক করা হয়। পরে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

থানচি থানার ওসি কানন সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।