পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, খেদাপাড়া গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে টোকন বিশ্বাসের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে রাজশাহীর রনি নামে এক যুবকের সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

পরিবারের দাবি, বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। একপর্যায়ে ওই যুবক গৃহবধূকে একটি মোবাইল ফোন উপহার দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দ্বন্দ্ব আরও তীব্র হয়।

পরে কথাকাটাকাটির এক পর্যায়ে টোকন বিশ্বাস তার স্ত্রীকে মারধর করেন এবং মাথার চুল কেটে দেন বলে অভিযোগ করা হয়। স্থানীয়দের দাবি, ঘটনাটি পরে এলাকায় জানাজানি হলে ব্যাপক আলোচনা শুরু হয়।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ওই গৃহবধূর তিনটি সন্তান রয়েছে এবং প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন তাদের। ঘটনার পর তিনি স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না এবং রাজশাহীর ওই যুবকের সঙ্গে চলে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।