দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

যেভাবে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হচ্ছে, তাতে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, চলমান বিনিয়োগবান্ধব পরিবেশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, চট্টগ্রামে সম্ভাবনার খাতগুলো দিন দিন সম্প্রসারিত হচ্ছে। তার মতে, এই নগরী ভবিষ্যতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠবে। বাজেটে চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে উন্নয়নের বিষয়টি প্রতিফলিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারা এলাকায় ৬০০ একর জমিতে একটি ফ্রি ট্রেড জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা আরও সহজ হবে এবং আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, দেশের অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত এপ্রিলে সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।

তিনি আরও জানান, এ লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক গণতন্ত্রায়ণ, ক্রিয়েটিভ অর্থনীতি এবং স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী মনে করেন, এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক বিনিয়োগের কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।