দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সার্বক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালুর তাগিদ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বলা হয়, সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা, জবাবদিহি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ছয় দফা নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে—

প্রথমত, সব প্রতিষ্ঠান প্রধান নিজ নিজ হাসপাতাল সার্বক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করবেন। দ্বিতীয়ত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়মিতভাবে অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটর করবেন।

তৃতীয়ত, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকরা প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। চতুর্থত, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) নির্ধারিত তারিখ অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে জমা দেবেন।

পঞ্চমত, সিভিল সার্জনরা প্রতি শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং একইভাবে সচিত্র প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।

ষষ্ঠত, আগামী ১৭ আগস্ট ২০২৬ সালের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক মেশিন সচল করে নিয়মিত হাজিরা নিশ্চিত করতে হবে। নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে দায়ী করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং সেবার মান আরও উন্নত হবে।