দেশের রাজনীতিতে আ.লীগের ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে এবং দলটি আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি দাবি করেন, শিগগিরই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নিয়মিত আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল। তিনি দাবি করেন, পর্দার আড়ালে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অরাজনৈতিক পরিচয়ে পরিচালিত জুলাই আন্দোলনের সফল পরিণতি নিশ্চিত করা সম্ভব হয়েছিল।

দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতির প্রত্যাশা অনেক। তবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং ধাপে ধাপে জনগণের প্রত্যাশা পূরণে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। তারা এ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।” তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে খুব শিগগিরই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বক্তব্যের শেষদিকে জুলাই আন্দোলনের চেতনা নিয়ে সতর্কবার্তা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাইয়ের চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে। চেতনা বিক্রি ভালো নয়। যারা এ চেতনা নিয়ে ব্যবসা করবে, দেশের মানুষ তাদের পরিণতিও দেখবে।” তার এ বক্তব্যকে কেন্দ্র করে সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। জুলাই আন্দোলনের উত্তরাধিকার, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়েও অনুষ্ঠানে বিভিন্ন বক্তা নিজেদের মতামত তুলে ধরেন।