ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে নতুন ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন হওয়ায় স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শুক্রবার বিকেলে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, পাগলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পৃথক উপজেলা। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়ে গেছে।
তিনি বলেন, নতুন উপজেলার পাশাপাশি এ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য ময়মনসিংহের সঙ্গে চার লেন সড়ক, একাধিক ডাবল লেন সড়ক, দুটি ১০১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, একটি ডায়াবেটিক হাসপাতাল, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, কালচারাল সেন্টার, শিল্পকলা একাডেমি, সার্ভেয়ার ইনস্টিটিউটসহ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে।
সংবর্ধনার জবাবে এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “গফরগাঁওয়ের উত্তর ও দক্ষিণের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা সবাই একসঙ্গে কাজ করে দুটি উপজেলাকেই আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনসার উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারি, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মো. খুররম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেন এবং সংসদ সদস্যের সহধর্মিণী শামীমা সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে নতুন উপজেলা অনুমোদনের আনন্দে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কান্দিপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা নতুন উপজেলা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে ময়মনসিংহ জেলায় উপজেলার সংখ্যা বেড়ে ১৪টিতে উন্নীত হয়েছে।