নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার আসন্ন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ৩ জুলাই বিকেলে ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়ার ঘাট ও আশের এলাকায় এ গণসংযোগ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে প্রার্থী মো. কামাল হোসেন এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে মতবিনিময় করেন। পরে আয়োজিত উঠান বৈঠকে তিনি তার নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইসমাইল খাইরি, সভাপতি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারি আরিফুল ইসলাম এবং অর্থ সম্পাদক মনিরুজ্জামান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্যে কামাল হোসেন বলেন, তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে নিজেকে জনগণের সেবক হিসেবে কাজ করবেন। তিনি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে ধর্মীয় নেতৃত্ব, বিশেষ করে ইমামদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে প্রার্থী ও তার সমর্থকরা ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে দোয়া ও সহযোগিতা কামনা করেন।