কুষ্টিয়ার মিরপুরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী, অংশগ্রহণকারীদের সনদ প্রদান

মিরপুর উপজেলা প্রতিনিধি, আশিক। প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে তিন দিনব্যাপী কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপনী, সনদপত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন এমপি। তিনি তার বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নজরুলের আদর্শ ধারণ করে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শামসুল হক এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের শেষ পর্বে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনের আয়োজনের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।