দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে অলাভজনক ও বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।
সভায় জানানো হয়, দেশের বিভিন্ন বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানায় বিনিয়োগে দেশি-বিদেশি একাধিক বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত শিল্প প্রকল্পগুলোর সম্ভাব্যতা এখন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো ধরনের অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তিনি আরও নির্দেশ দেন, রাষ্ট্রীয় সম্পদ কার্যকরভাবে ব্যবহার করে উৎপাদনশীল খাতে ফিরিয়ে আনতে হবে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্যোগগুলোকে অগ্রাধিকার দিতে হবে। সভায় জানানো হয়, বিভিন্ন খাতে পুনরায় চালুর জন্য প্রস্তাবিত শিল্প ইউনিটগুলো ইতোমধ্যে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার পর্যায়ে রয়েছে। যাচাই শেষে এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকার আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বন্ধ থাকা শিল্প ইউনিটগুলো পুনরায় উৎপাদনে ফিরে আসবে এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।