লালমনিরহাটে সেতু সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি: শিশুদের হাতে চারা দিলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু

​ফারুক সূর্য, লালমনিরহাট প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পবিত্র জুমার নামাজ শেষে লালমনিরহাট মডেল মসজিদ প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেতু সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি এক বৃহৎ জনসচেতনতার প্ল্যাটফর্মে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক কে. এম. মমিনুল হক এবং জেলা প্রশাসক মো. রাশেদুল হক।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ শিশুদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক অপরাধ দমনের ওপরও গুরুত্বারোপ করেন। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল এবং জুয়া ও ক্যাসিনো সংস্কৃতির মতো সামাজিক ব্যাধি দূর করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সেতু সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের মূল বার্তা হিসেবে উচ্চারিত হয়—
“একটি গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি; বাল্যবিবাহ, মাদক, জুয়া ও সামাজিক অপরাধকে না বলি।”