বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কিংবদন্তি সাংবাদিক ফরিদ খানের উত্তরবঙ্গ সফর

রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি,আব্দুল্লাহীল কাফী প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

“বাংলাদেশ প্রেস ক্লাব” পলাশবাড়ী শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কিংবদন্তি সাংবাদিক ফরিদ খান।

বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল ১১টায় পলাশবাড়ীতে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেনের আমন্ত্রণে পীরগঞ্জে যান এবং সেখানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় ফরিদ খান বলেন, সাংবাদিকতা একটি মহৎ, মহান ও দায়িত্বশীল পেশা। তিনি বলেন, “আমরা জাতির বিবেক, আমরাই পারি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে।” তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকা দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এ সময় তিনি “জাতীয় দৈনিক ভোরের চেতনা” সম্পাদক শফিকুল ইসলাম এবং “ঢাকা টিভি”-এর চেয়ারম্যান আলতাফ মাহমুদের ভূয়সী প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা ও বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, গাইবান্ধা জেলা শাখার সভাপতি আব্দুল হালিম সরকার, পীরগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পীরগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা।

পরে অতিথিরা বাংলাদেশ প্রেস ক্লাবের নির্মাণাধীন নিজস্ব ভবন পরিদর্শন করেন। এ সময় ফরিদ খান বলেন, নিজস্ব জমিতে ভবন নির্মাণের মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সারা দেশের সাংবাদিক সংগঠনের জন্য একটি অনুকরণীয় মডেল।

তিনি ভবন নির্মাণে সংশ্লিষ্ট সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।