ফেসবুকে অস্ত্রের ছবি-ভিডিও প্রকাশ: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ ও বিজিবি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় জড়িত থাকার সন্দেহে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে হেলাল আহমদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও-খাসিয়াবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

দোয়ারাবাজার থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই রাতে পৃথক অভিযানে মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দোয়ারাবাজার থানার এফআইআর নং-৪, জিআর নং-৭৮/২০২৬ (তারিখ: ২ এপ্রিল ২০২৬)-এর এজাহারভুক্ত প্রধান আসামি হোসেনুর রহমান ওরফে হোসেন মিয়া (২৮) এবং জিডি নং-৮৫ (তারিখ: ৩ জুলাই ২০২৬)-এর ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় হেলাল আহমদকে আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হেলাল আহমদ ও তার ভাই সুজন মিয়া ফেসবুকে অস্ত্র হাতে কয়েকজন যুবকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। পরে ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে অস্ত্র হাতে তোলা আরও কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার কয়েকজন যুবককে দেখা যায়। বিষয়টি নজরে এলে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন পুলিশকে অবহিত করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে হেলাল আহমদকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির জানান, ভিডিওতে থাকা যুবকরা সীমান্তসংলগ্ন ভারতের খাসিয়া জনগোষ্ঠীর সুপারি বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন। তার দাবি, শখের বশে ছবি ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে প্রকাশ করা হয়েছিল, যা পরে ভাইরাল হয়ে যায়।

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শনের বিষয়টি নজরে আসার পরই পুলিশকে অবহিত করা হয়। ভিডিওগুলো ভারতের অভ্যন্তরে ধারণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, আটক হেলাল আহমদকে আদালতে পাঠানো হয়েছে। তার ভাই সুজন মিয়াই প্রথম এসব ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেন বলে জানা গেছে। ভিডিওতে থাকা অন্যদের পরিচয় ও সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।