নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে হাওরের মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির ১৬ টন মাছের পোনা অবমুক্ত করা হয়।
শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার। সঞ্চালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এবং রেলপথ প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ।
পথসভায় বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং জেলেদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। তিনি জানান, হাওরের মুক্ত জলাশয়ে ১৬ টন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। তিনি জেলেদের উদ্দেশে বলেন, আগামী তিন মাস পোনামাছ আহরণ থেকে বিরত থাকলে ভবিষ্যতে তারা আরও বেশি লাভবান হবেন।
তিনি আরও বলেন, হাওরবাসীর দীর্ঘদিনের দাবি রেল যোগাযোগের ব্যবস্থা করা। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নেত্রকোনার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে এবং এ অঞ্চলের উন্নয়নে তিনি আন্তরিক। তিনি বলেন, মোহনগঞ্জ থেকে আটপাড়া, মদন, কেন্দুয়া হয়ে আঠারোবাড়ি পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তিন উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকার কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।
বক্তারা হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
পথসভা শেষে অতিথিরা হাওরের মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির ১৬ টন মাছের পোনা অবমুক্ত করেন। আয়োজকদের আশা, এ উদ্যোগে হাওরের মৎস্যসম্পদ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে স্থানীয় জেলেরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।