সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে সংঘটিত হত্যা, ডাকাতি, ছিনতাই, জমি দখল ও মাদকসংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং আদালতের রায়ের ভিত্তিতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কৃষ্ণনগর ইউনিয়নের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। তাদের দাবি, ইয়ার আলীর বিরুদ্ধে ৩৫টি, বাহার আলীর বিরুদ্ধে ৩১টি এবং রেজাউলের বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কালিগঞ্জ থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অস্ত্র ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত। এছাড়া রাজগুল, আনিসুর ও পলাশ ওই চক্রের সহযোগী বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, নাসির, রাজগুল ও পলাশ এখনো গ্রেপ্তার হয়নি এবং চক্রটির আরও কয়েকজন সদস্য এলাকায় সক্রিয় রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে মামলাগুলোর বিচার কার্যক্রম চললেও এখনো নিষ্পত্তি না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের অভিযোগ, বিভিন্ন মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে পুনরায় চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
তারা দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পলাতক আসামিদের অবিলম্বে গ্রেপ্তার এবং আদালতের রায়ের ভিত্তিতে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের প্রতি বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো অংশগ্রহণকারী ও আয়োজকদের বক্তব্য। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং আদালতে মামলাগুলোর বিচার কার্যক্রম চলমান রয়েছে।