বিশ্বকাপে একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী দিয়ে আবারও আলোচনায় এসেছেন ঘানার স্বঘোষিত আধ্যাত্মিক নেতা নানা কাওয়াকু বোনসাম। এবার তিনি দাবি করেছেন, কাবো ভার্দের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেবে এবং শিরোপা জিতবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
বোনসাম এর আগে বিশ্বকাপ চলাকালেই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন-কে ঘিরে একাধিক ‘আধ্যাত্মিক প্রভাব’ প্রয়োগের দাবি করে আলোচনায় আসেন। তিনি দাবি করেছিলেন, কথিত ‘কালো জাদু’ প্রয়োগের মাধ্যমে কেইনকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই সময় কেইন কিছু ম্যাচে গোল না পাওয়ায় বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
পরে আবার তিনি দাবি করেন, কেইনের ওপর থেকে সেই ‘অভিশাপ’ তুলে নেওয়া হয়েছে। এরপর ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোতে তুলেন কেইন, যা নতুন করে বোনসামের বক্তব্যকে ঘিরে আলোচনা তৈরি করে।
এবার তার নতুন ভবিষ্যদ্বাণীর কেন্দ্রে আছেন দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। তার দাবি, কাবো ভার্দের বিপক্ষে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শেষ হবে এবং শেষ পর্যন্ত শিরোপা উঠবে রোনালদোর হাতে।
তবে ফুটবল বিশ্লেষকরা এসব দাবিকে কোনো বৈজ্ঞানিক ভিত্তিহীন ও কাকতালীয় ঘটনার ব্যাখ্যা হিসেবে দেখছেন। তাদের মতে, ম্যাচের ফল নির্ধারণ হয় খেলোয়াড়দের পারফরম্যান্স, কৌশল, প্রস্তুতি ও মাঠের পরিস্থিতির ওপর, কোনো অলৌকিক প্রভাবের ওপর নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অবশ্য বোনসামের এসব বক্তব্য নিয়ে বিতর্ক ও কৌতূহল দুটোই বাড়ছে। অনেকে এগুলোকে বিনোদনমূলক গল্প হিসেবে দেখলেও, কেউ কেউ আবার কাকতালীয় মিলগুলোকে নিয়ে আলোচনায় মেতে উঠেছেন। শেষ পর্যন্ত তার এই নতুন ভবিষ্যদ্বাণী বাস্তবতায় রূপ নেয় কি না, তা নির্ধারণ করবে মাঠের ফলাফলই—এমনটাই মনে করছেন ফুটবলপ্রেমীরা।