দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে মোট এক হাজার ১১৯ জন আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। এছাড়া হামের তীব্র উপসর্গ নিয়ে আরও ৬৩১ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৯৬৫ শিশুর। ফলে এক দিনে মোট আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২ শিশু। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ জন।
হামের সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।