পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার ওয়াদ্দা দিঘির পাড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম আরও বিস্তৃত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।