জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী, যিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আয়োজনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান, এমপি। জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নজরুলের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনে যে অসাম্প্রদায়িকতা, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা ফুটে উঠেছে, তা আজও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মের মাঝে তাঁর সাম্য ও বিদ্রোহের বার্তা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, লালমনিরহাট শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় নজরুল গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নজরুল সংগীত ও আবৃত্তি শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু উদ্বোধনী অনুষ্ঠান নয়, আগামী কয়েক দিনজুড়ে জেলাজুড়ে নজরুল স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মসূচি চলবে। এতে লালমনিরহাটের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যুক্ত হয়েছে।