প্রিয় ফুটবলার লিওনেল মেসি-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখা এক আবেগঘন চিঠি বদলে দিয়েছে ৮ বছর বয়সী আর্জেন্টাইন শিশু মানু লিতভির জীবনের স্বপ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই চিঠির মাধ্যমে এবার পরিবারসহ যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছে এই ক্ষুদে ফুটবলার।
মানু বর্তমানে আর্জেন্টিনোস জুনিয়র্সের বয়সভিত্তিক দলে খেলছে। ছোটবেলা থেকেই মেসির খেলা দেখে অনুপ্রাণিত হওয়া এই শিশু দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিল প্রিয় তারকার উদ্দেশে নিজের অনুভূতি জানিয়ে একটি চিঠি লেখার। ২৪ জুন, মেসির জন্মদিনে সেই স্বপ্নই বাস্তব রূপ পায়।
চিঠিতে মানু সহজ ভাষায় মেসির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও অনুপ্রেরণার কথা তুলে ধরে। পরে আর্জেন্টিনার জনপ্রিয় লাইভ স্ট্রিমিং চ্যানেল ‘ওলগা’র অনুষ্ঠান ‘সেরিয়া ইনক্রেইবল’-এ চিঠিটি পাঠ করা হয়। সেখানে মানু জানায়, তার একমাত্র ইচ্ছা ছিল কোনোভাবে যেন চিঠিটি মেসির কাছে পৌঁছে যায়।
অনুষ্ঠানে মানু আরও বলে, মেসিকে খেলতে দেখলে তার মনে হয় ফুটবলার আর বল যেন এক হয়ে যায়—যাকে সে “জাদু” হিসেবে দেখে। শুধু মাঠের নৈপুণ্য নয়, মেসির বিনয়, সতীর্থদের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং কঠিন সময়ে লড়াই চালিয়ে যাওয়ার মনোভাবই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এরপর মেসির দীর্ঘদিনের একটি বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
পরে আসে সবচেয়ে বড় চমক। অনুষ্ঠানের উপস্থাপক পলা চাভেস জানান, প্রতিষ্ঠানটি মানু ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ সরাসরি দেখার আমন্ত্রণ জানিয়েছে। এতে জীবনের প্রথমবারের মতো বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দলকে সমর্থন করার সুযোগ পাবে সে।
এই অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুর আরেকটি বড় স্বপ্নও পূরণ হতে যাচ্ছে—মাঠে দাঁড়িয়ে নিজের অনুপ্রেরণা মেসিকে কাছ থেকে দেখা। ছোটবেলা থেকেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা মানু জানায়, প্রতিদিন ঘুমানোর আগে সে প্রার্থনা করে যেন একদিন বড় খেলোয়াড় হতে পারে।
তার বিশ্বাস, কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে অসম্ভব স্বপ্নও বাস্তব হয়—যার সবচেয়ে বড় উদাহরণ তার প্রিয় ফুটবলার মেসি। মানুর এই গল্প এখন ফুটবলপ্রেমীদের কাছে শুধু একটি খবর নয়, বরং স্বপ্ন, আবেগ ও অনুপ্রেরণার এক অনন্য প্রতিচ্ছবি।