মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

অপশক্তি নিজেদের স্বার্থে মানুষের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও, বাংলাদেশে সবাই মিলেমিশে থাকা আবহমান কালের মূল মূল্যবোধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি রাষ্ট্র ও সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে পারবে। শুধু মানুষের নিরাপত্তাই নয়, কোনো প্রাণীও যেন মানুষের হিংস্রতার শিকার না হয়—সেই বিষয়েও সরকার সচেতন রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকা ও ফরম্যাট নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনুষ্ঠানটির আমন্ত্রণপত্রে উল্লেখ ছিল—সকল বিভাগীয় কমিশনার, জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

এ প্রসঙ্গে তিনি মত দেন, এর পরিবর্তে যদি নজরুল গবেষক, নজরুল শিল্পী ও নজরুলপ্রেমীদের ভার্চুয়ালি যুক্ত করার বিষয়টি উল্লেখ থাকত, তাহলে তা আরও বেশি যৌক্তিক ও প্রাসঙ্গিক হতো।

তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি কর্মসূচি যেমন ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে যদি মূল বিষয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অংশগ্রহণ থাকে, তা উদ্দেশ্যের সঙ্গে খাপ খায় না। একইভাবে নজরুল বর্ষ উদযাপনে প্রশাসনিক কর্মকর্তাদের এভাবে যুক্ত করার বিষয়টিও পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নজরুল গবেষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনকে নজরুল চর্চা ও সাংস্কৃতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।