মানব স্নায়ুকোষ দিয়ে কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি ইরানের 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মানব স্নায়ুকোষ ব্যবহার করে পরীক্ষাগারে কৃত্রিম মস্তিষ্ক তৈরির দাবি করেছে ইরান। দেশটির বিজ্ঞানীদের মতে, তারা এমন একটি জীবন্ত স্নায়বিক কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছেন, যা শেখার ক্ষমতাসম্পন্ন স্নায়বিক নেটওয়ার্ক গঠন করতে পারে।

ইরানের জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন টাস্কফোর্সের সচিব আতাউল্লাহ পুর-আব্বাসি দেশটির সংবাদ সংস্থা মেহরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, গবেষকরা মানবদেহের বাইরে স্নায়ুকোষ (নিউরন) বৃদ্ধি করার প্রযুক্তি আয়ত্ত করেছেন। এসব স্নায়ুকোষ পরস্পরের সঙ্গে সংযোগ তৈরি করে শেখার সক্ষমতা সম্পন্ন নেটওয়ার্কে পরিণত হতে পারে।

তার ভাষ্য অনুযায়ী, এই অগ্রগতি ভবিষ্যতে মস্তিষ্কের কোষভিত্তিক কম্পিউটার প্রসেসর তৈরির পথ খুলে দিতে পারে। ইতোমধ্যে ইরানের একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এ ধরনের পরীক্ষামূলক নমুনাও তৈরি করেছে বলে দাবি করা হয়েছে।

আতাউল্লাহ পুর-আব্বাসি আরও বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি প্রসেসর প্রচলিত সিলিকনভিত্তিক প্রসেসরের তুলনায় অনেক বেশি গতিতে কাজ করতে সক্ষম হতে পারে। পাশাপাশি বিদ্যুৎ খরচ প্রায় ১০ লাখ গুণ পর্যন্ত কমানো সম্ভব হবে বলেও তিনি দাবি করেন।

তিনি জানান, জীবন্ত কোষভিত্তিক প্রসেসর প্রযুক্তি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং আগামী প্রজন্মের কম্পিউটিং প্রযুক্তি উন্নয়নে এ নিয়ে ব্যাপক গবেষণা চলছে।

তবে বিশেষজ্ঞদের মতে, এমন প্রযুক্তি এখনো গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হতে আরও সময় প্রয়োজন। এরপরও ইরান দাবি করছে, কৃত্রিম মস্তিষ্ক তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা তারা ইতোমধ্যেই অর্জন করেছে।