মাদারীপুরে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

(প্রণব কুমার সাহা) মাদারীপুর জেলা প্রতিনিধি প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উপলক্ষ্যে মাদারীপুরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ সমাজে প্রতিষ্ঠা করা সময়ের দাবি। তারা আরও বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী সত্তা নতুন প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, নজরুলের সৃষ্টিশীলতা শুধু সাহিত্য বা সংগীতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি একটি মানবিক ও সামাজিক আন্দোলনের প্রতীক। তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠান শেষে নজরুল বর্ষ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম নজরুলের আদর্শ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা আরও গভীরভাবে ধারণ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।