মাদারগঞ্জে নজরুল বর্ষ:২০২৬-২৭ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ঘোষিত “নজরুল বর্ষ ২০২৬–২০২৭” দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে। এর ধারাবাহিকতায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি ২ জুলাই ২০২৬ থেকে ৪ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।

আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় মাদারগঞ্জ উপজেলা খরকা হলরুমে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও সুধীবৃন্দ। এ সময় পুরো আয়োজনের পরিবেশ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিষ রায়, এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে “নজরুল বর্ষ ২০২৬–২০২৭” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক ও কবিতা আবৃত্তি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়।