‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি।

বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত এই গ্রন্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্রন্থটির প্রকাশকে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রীয় নেতৃত্ব এবং দেশের উন্নয়নে তার ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিন খণ্ডে প্রকাশিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থটি গবেষণাভিত্তিক তথ্য, বিশ্লেষণ এবং ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটের আলোকে রচিত হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।