ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা হয়েছে। এই খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশেরও বেশি কমে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১ জুলাই) ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ১ দশমিক ৮৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭১ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৩২ শতাংশ কমে ৬৮ দশমিক ৫৮ ডলারে নেমে আসে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কাতারে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা “ভালোভাবে এগিয়েছে” এবং এর লক্ষ্য হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল ও টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা।
তবে আলোচনার অগ্রগতি নিয়ে সতর্ক অবস্থান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মূল ফোকাস হলো হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি পুনরায় পরমাণু কর্মসূচি শুরু করে বা আন্তর্জাতিক পরিদর্শনে বাধা দেয়, তবে যুক্তরাষ্ট্রের কাছে সব ধরনের বিকল্প ব্যবস্থা খোলা রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমার সম্ভাবনা এবং সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশাই তেলের দামে পতনের প্রধান কারণ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে তেলের মজুত ২০১৮ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এলেও বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে। পাশাপাশি ওপেক প্লাস আগামী রোববারের বৈঠকে আগস্ট থেকে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে—এমন প্রত্যাশাও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।
বিশ্ববাজারে এই দরপতনের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে স্থিতিশীলতার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।