নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে সেখানে পৌঁছেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মুখে পড়েছে লিওনেল মেসির দল। মেটাল ডিটেক্টর দিয়ে পুরো দলকে তল্লাশি করা হয়েছে, যেখানে বাদ যাননি অধিনায়ক মেসিও।
আর্জেন্টিনার দল বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে তাদের বেস ক্যাম্পে অবস্থান করছে। পরবর্তী ম্যাচের জন্য তারা মায়ামির হার্ড রক স্টেডিয়ামে যাবে, যেখানে কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
ম্যাচ খেলতে মিসৌরির বিমানে ওঠার আগে নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে বিমানবন্দরে এই তল্লাশি চালানো হয়। সেই সময় মেসি, ডি পলসহ পুরো দলের খেলোয়াড়দের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হয়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়রা নিজেদের লাগেজ নিরাপত্তা কর্মীদের কাছে রেখে ধাপে ধাপে সামনে এগোচ্ছেন। এ সময় লিওনেল মেসিকেও শরীর স্ক্যানিংয়ের মাধ্যমে তল্লাশি করা হয়। একই প্রক্রিয়ায় রদ্রিগো ডি পলসহ অন্য খেলোয়াড়রাও অংশ নেন। ভিডিওতে একটি মুহূর্তে মেসিকে হাসতেও দেখা যায়, যা ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওটি পোস্ট করেন জশ চাভিস নামে এক ব্যবহারকারী, যা ইতোমধ্যে লাখোবার দেখা হয়েছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।
এদিকে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে কেপ ভার্দে। তিন ম্যাচ খেলে তারা এখন পর্যন্ত হারেনি। সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়ে তারা নজর কেড়েছে ফুটবল বিশ্বে। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচে তারা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।