বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তানজিন ইসলাম রাজ (১৬) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিন ইসলাম রাজ উপজেলার সুন্দরবন গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। তিনি বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত শিক্ষার্থী মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন। একপর্যায়ে ব্রেক জ্যাম হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন জানান, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। এখনো নিহতের পরিবারের কেউ সেখানে উপস্থিত হয়নি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।