দীঘিনালা উপজেলায় পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।

মোঃ জাহাঙ্গীর আলম সুজন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পরীক্ষার্থীদের হাতে কলম, কাঠ পেন্সিল, স্কেল, ফাইল, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন তুলে দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা উপকরণ পেয়ে অনেক পরীক্ষার্থী সন্তোষ প্রকাশ করেন এবং হাসিমুখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। তাদের ভাষ্য, এমন উদ্যোগ পরীক্ষার আগে মানসিক চাপ কিছুটা কমাতে সহায়ক হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুনুর রশিদ, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মো. সুলেমান, মো. মির্জা সোহেল রানা এবং দীঘিনালা উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি মো. মামুনুর রশিদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা উপকরণ বিতরণসহ শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং তাদের জন্য আরও উপকারী উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।