ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামের সবুজ মিয়ার ছেলে মো. জুয়েল (২০), একই এলাকার সোনা মিয়ার ছেলে মো. রানা (২২) এবং মানিক মিয়ার ছেলে মো. পারভেজ (২১)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. রাজিব জানান, রাতে ওই ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা তিনজনই দগ্ধ হন। তিনি আরও জানান, আহত তিনজনই পান্থপথ এলাকার একটি ফার্নিচার দোকানে কাজ করেন। রাত সাড়ে ১২টার দিকে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় বলে জানান তিনি।

ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে জুয়েলের শরীরের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসক আরও জানান, রানার অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্য দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তিনজন দগ্ধ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন এবং বাকি দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।