চন্দ্রগঞ্জ–আফজাল সড়কের নির্মাণকাজে ধীর গতি, চরম দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

মুহাম্মদ মাহফুজুল ইসলাম, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ–আফজাল সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন যানবাহনের চালকরা।

প্রতিদিন গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহার করে হাজারো মানুষ চলাচল করলেও ধীরগতির কাজের কারণে সৃষ্টি হচ্ছে যানজট ও জনদুর্ভোগ। অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে যাচ্ছে, ফলে অনেক স্থানে নর্দমার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের বিভিন্ন অংশ খুঁড়ে দীর্ঘদিন ফেলে রাখায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা প্রতিদিন সময়মতো গন্তব্যে পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছে। জলাবদ্ধতার কারণে শিশু, বয়স্ক এবং রোগী পরিবহনেও ভোগান্তি বাড়ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করা গেলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং যান চলাচল স্বাভাবিক হবে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, জনস্বার্থ বিবেচনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলও মনে করছে, কাজের গতি বাড়ানো না গেলে দুর্ভোগ আরও বাড়বে। তারা বলেন, সড়কটির নির্মাণকাজ দ্রুত শেষ করা হলে শুধু যান চলাচলই স্বাভাবিক হবে না, বরং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আসবে।