লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (১ জুলাই, ২০২৬) রাত ১২টা ৩০ মিনিটের দিকে চন্দ্রগঞ্জ থানাধীন ৮ নম্বর দত্তপাড়া ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— রাসেল আহাম্মেদ (২৫), মো. ইব্রাহিম আহম্মেদ (২৬) এবং মো. বেল্লাল হোসেন ওরফে বেল্লাল (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, সদর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে) হোসাইন মোহাম্মদ রায়ন কাজেমীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলমের নেতৃত্বে এসআই মাসুম ফরহাদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা সংরক্ষণ করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।