গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ একটি জনপ্রিয় পানীয়। স্বাস্থ্যসচেতন অনেকেই দিনের শুরুতে এটি পান করতে পছন্দ করেন। তবে অনেকের ক্ষেত্রে খালি পেটে গ্রিন টি পান করার পর বমি বমি ভাব, অম্বল বা পেটে অস্বস্তি দেখা দিতে পারে। কেন এমন হয় এবং এ সমস্যা এড়ানোর উপায় কী, তা জেনে নেওয়া যাক।
কেন খালি পেটে গ্রিন টি খেলে বমি বমি লাগে?
বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি-তে থাকা ট্যানিন নামের প্রাকৃতিক যৌগ পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এর ফলে পাকস্থলীর আস্তরণে জ্বালা সৃষ্টি হয়, যা বমি বমি ভাব, অম্বল বা পেটের অস্বস্তির কারণ হতে পারে।
এ ছাড়া গ্রিন টি-তে থাকা ক্যাফেইনও খালি পেটে অ্যাসিড নিঃসরণ বাড়ায়। যাদের পাকস্থলী সংবেদনশীল বা যারা গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রাইটিস কিংবা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে এসব উপসর্গ আরও তীব্র হতে পারে।
তবুও কেন গ্রিন টি উপকারী?
কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও গ্রিন টি স্বাস্থ্যকর পানীয় হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। ২০২০ সালে ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত এক গবেষণার বিশ্লেষণে দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান হৃদরোগ এবং কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
তবে গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ডায়াবেটিস প্রতিরোধ বা ওজন কমানোর ক্ষেত্রে গ্রিন টি কতটা কার্যকর, সে বিষয়ে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং আরও গবেষণার প্রয়োজন।
বমি বমি ভাব এড়াতে যা করবেন, খালি পেটে নয়, হালকা নাশতা বা খাবারের পর গ্রিন টি পান করুন।সকালে ঘুম থেকে উঠেই একাধিক কাপ গ্রিন টি পান করা থেকে বিরত থাকুন। গ্রিন টি পান করার পর বারবার অস্বস্তি হলে এর পরিমাণ কমিয়ে দিন বা কম ক্যাফেইনযুক্ত চা বেছে নিন। সমস্যা নিয়মিত হলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে হজমজনিত কোনো অন্তর্নিহিত সমস্যা আছে কি না তা পরীক্ষা করিয়ে নিন।