খামেনির জানাজায় অংশ নিতে স্পিকার ছাড়াও তেহরান গেলেন যারা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে পৃথক দুটি ফ্লাইটে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্যরা ইরানের উদ্দেশে যাত্রা করেন।

সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ ফ্লাইটে ওমানের মাসকটের উদ্দেশে রওনা হন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তার সঙ্গে পাঁচ সদস্যের সফরসঙ্গী ছিলেন। মাসকট হয়ে তারা পরে ইরানে গিয়ে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

স্পিকারের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার একান্ত সচিব ও উপসচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা

এদিকে একই দিন সকাল ৭টা ৫৫ মিনিটে আরও একটি প্রতিনিধি দল পৃথক ফ্লাইটে ঢাকা ছাড়ে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জামায়াতে ইসলামীর নেতা ড. এস এম খালিদুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭১৩ ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের উদ্দেশে যাত্রা করেন।

প্রতিনিধি দলগুলোর ইরান সফরকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। তারা রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুকে কেন্দ্র করে ইরান সরকার রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক শেষকৃত্য আয়োজন করেছে। বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত প্রতিনিধি দল এতে অংশ নিচ্ছে।