এইচএসসি পরীক্ষা শুরুর ৪ ঘণ্টা আগে ছাদ থেকে লাফিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে তিশা সরকার (১৮) নামে এক কলেজছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ নামের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার মাত্র চার ঘণ্টা আগে সকাল ৬টার দিকে তিশা ওই ছয়তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় মেসের অন্যান্য শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ফলে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। এটি পরীক্ষাসংক্রান্ত মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও সহপাঠীদের মধ্যেও গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।