৪৭ তম বিসিএসে এএসপি পদে সুপারিশ পেলেন নেছারাবাদের নাহিদ হাসান

নেছারাবাদ প্রতিনিধি, ফরিদ আহমেদ প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৃতি সন্তান মো. নাহিদ হাসান। তার এই সাফল্যে পরিবার, স্বজন এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

মো. নাহিদ হাসান নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. আব্দুল হাই ও রওশন আরা দম্পতির ছোট ছেলে।

শিক্ষাজীবনে তিনি ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০১১ সালে স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষা জীবন শেষে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।

স্থানীয়রা বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া নাহিদ হাসানের অধ্যবসায় ও মেধার অনন্য উদাহরণ। তার এই অর্জন এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তার সাফল্যে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্টজনরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখবেন এবং জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর। ২০২৬ সালের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ১১ মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। পরবর্তীতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত ফল প্রকাশ করে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তদের তালিকা ঘোষণা করে।