সড়ক দুর্ঘটনায় মডেল মসজিদের খতিব নিহত

স্টাফ রিপোর্টার,আল-আমিন প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) নামে উপজেলা মডেল মসজিদের এক খতিব নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টির পর ভোরে তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলা মডেল মসজিদে ফজরের নামাজ পড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে পৌঁছালে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।