শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

যশোরের বাঘারপাড়া উপজেলায় মহাসড়কে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মহব্বত হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহব্বত হোসেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মণ্ডলের একমাত্র ছেলে। খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের সামনে তার একটি ফার্নিচারের ব্যবসা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজ শেষে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় খালাবাড়ি থেকে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মহব্বত। পথে গাইদঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ একটি শিয়াল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

বুধবার (১ জুলাই) সকালে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনায় মহব্বত হোসেনের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।