মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ একটি বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন শিক্ষকের বাড়ির সিঁড়ির নিচে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। এর পাশেই সাদা কাগজে হাতে লেখা একটি হুমকিমূলক চিরকুট পড়ে ছিল। বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে বাড়ির মালিক আক্কাস আলী তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে খবর দেন।
আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রায় ছয় মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। কসবা গ্রামের মোল্লাপাড়ার কয়েকজনের সঙ্গে এ বিরোধের জেরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার জমি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আক্কাস আলীর উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল। তার আগেই গভীর রাতে বা ভোরের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু ও প্রাণনাশের হুমকি দিয়ে লেখা একটি চিরকুট রেখে যায়। এতে পরিবারটির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানার তদন্ত ওসি আল মামুন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে এসব রাখা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।