রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর প্রতীক আতাহার আলী খান

মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত আতাহার আলী খান আর নেই। মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা গ্রামের এই কৃতী সন্তান মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ জুন তাকে বাড়িতে আনা হয়। পরবর্তীতে বাড়িতে আরও চার দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাড়াই ভিকরা বিশ্বাসপাড়া মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমে নাসরিন এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমত আলী, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে বীর প্রতীক আতাহার আলী খানের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মানিকগঞ্জসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।