রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে ন্যাটোর সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, এই বিষয়টিই বর্তমানে তার ‘রাতের ঘুম কেড়ে নিয়েছে’।
বুধবার (১ জুলাই) রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৭-৮ জুলাই আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক রুটে বলেন, “সাধারণত আমি রাতে স্বাভাবিকভাবে ঘুমানোর চেষ্টা করি। কিন্তু যদি কোনো কিছু আমাকে রাতে জাগিয়ে রাখে, তবে তা হলো রাশিয়া।”
তিনি বলেন, “চীনও দ্রুত তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। ২০৩০ সালের মধ্যে দেশটির কাছে অন্তত এক হাজার পারমাণবিক অস্ত্র থাকতে পারে। তাই চীন সম্পর্কে আমাদের সরল বিশ্বাসী হওয়া উচিত নয়। তবে বর্তমান এবং দীর্ঘমেয়াদে রাশিয়াই আমাদের সবচেয়ে বড় হুমকি।”
ন্যাটো মহাসচিব আরও বলেন, ইউক্রেনের প্রতি সামরিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখা জোটের অন্যতম প্রধান অগ্রাধিকার। আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে রুটে বলেন, সম্মেলন শেষে তিনি চান বিশ্ববাসী এটিকে এমন একটি বৈঠক হিসেবে দেখুক, যেখানে গত বছর হেগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতি স্পষ্ট হয়েছে।
তার ভাষ্য, এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং সামরিক-শিল্প খাতকে আরও শক্তিশালী করা। ইতোমধ্যে এ ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মার্ক রুটে বলেন, প্রতিরক্ষা শিল্পে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এখন ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর একটি। আসন্ন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ন্যাটো ডিফেন্স ইন্ডাস্ট্রি ফোরামে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।