মাদারীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে মাদারীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে মাদারীপুর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদারীপুর খামারবাড়ির উপ-পরিচালক ড. রহিমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা দিয়ে উফশী রোপা আমন ধানের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।