ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (১ জুলাই) দেশের সব ব্যাংকের সাধারণ লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে এদিন বন্ধ থাকবে দেশের দুই স্টক এক্সচেঞ্জ—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কার্যক্রম।
তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে। এসব কার্যালয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালিত হবে।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর ১ জুলাই ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের হিসাব-নিকাশ পর্যালোচনা করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। হিসাব সমন্বয় ও আর্থিক প্রতিবেদন তৈরির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার সুবিধার্থে দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
ব্যাংক বন্ধ থাকার কারণে এদিন সাধারণ গ্রাহকদের নিয়মিত ব্যাংকিং সেবা, যেমন—চেক নিষ্পত্তি, আন্তঃব্যাংক লেনদেনসহ কিছু কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইন ব্যাংকিং, এটিএম সেবা ও মোবাইল ব্যাংকিংয়ের মতো নির্দিষ্ট কিছু ডিজিটাল সেবা স্বাভাবিক নিয়মে চালু থাকতে পারে।
এদিকে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় পুঁজিবাজারের স্বাভাবিক লেনদেন পরিচালনা করা সম্ভব নয়। কারণ শেয়ারবাজারের অধিকাংশ আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়।
প্রসঙ্গত, প্রতিবছর ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে পালন করা হয়। ওই দিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব-নিকাশ চূড়ান্ত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরির প্রস্তুতি নেয়। অর্ধবার্ষিক ও বার্ষিক হিসাব সমাপ্তির কাজের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এসব দিন ব্যাংক হলিডে হিসেবে নির্ধারিত থাকে।