বিশ্বকাপে নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে নতুন ইতিহাসের জন্ম দিলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে গোল করে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন।

এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৭। ফলে ১৬ গোলের মালিক ক্লোসাকে ছাড়িয়ে এখন তিনি অবস্থান করছেন কেবল আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির পেছনে, যার বিশ্বকাপে গোলসংখ্যা ১৯।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ফরাসি তারকা। সুইডেনের বিপক্ষে করা গোলটি ছিল এবারের আসরে তার ষষ্ঠ। এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় আসেন তিনি। নকআউট পর্বেও গোল করে নিজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছেন এমবাপ্পে।

মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপে ১৭ গোলের মাইলফলক স্পর্শ করে ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে চলতি আসরেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ কিংবা নতুন রেকর্ড গড়ার সুযোগও রয়েছে তার সামনে।

এমবাপ্পের এই কীর্তি শুধু ফ্রান্সের জন্য নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসেও গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা, তিনি শেষ পর্যন্ত লিওনেল মেসির ১৯ গোলের রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার নতুন ইতিহাস গড়তে পারেন কি না।